রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভন, ‘যুদ্ধে প্রাণ গেলো’ বাংলাদেশি যুবকের

বাংলা টাইমস ডেস্ক:

দালালের প্রলোভনে পড়ে রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি নিতে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘প্রাণ হারিয়েছেন’ কুমিল্লার চান্দিনার যুবক মো. সাগর (২৪)। এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার আশ্বাসে রাশিয়ায় যান তিনি। চলতি বছরের মে মাসে মারা যান ওই যুবক। তবে মৃত্যুর কয়েক মাস পর গত শনিবার তার সহযোদ্ধা এক বন্ধু মোবাইল ফোনে মৃত্যুর খবর পরিবারকে জানান।

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। আজ সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবদুল আওয়াল।

 

জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাগর ছিলেন সবার ছোট। উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে কিশোর বয়স থেকেই কাজ করতেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে রড-সিমেন্টের দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ৬ লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ নেন তিনি। তার মাসিক বেতন ছিল প্রায় ৭০ হাজার টাকা। সেখানে কাজ করার সময় এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় তার। ওই দালাল রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি এবং এককালীন ৩০ লাখ টাকার প্রলোভন দেখান। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সাগরের বাবা কবির হোসেন বলেন, ‘আমি সবজির ব্যবসা করতাম এবং দীর্ঘদিন ধরে নানা রোগে অসুস্থ। অনেক ধার দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সঙ্গে কথা বলতে পারিনি। এখন শুনছি, ছেলে আর বেঁচে নেই।’

Share This:
You might also like