রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
Bangla Times News Desk:
রাজধানীর মগবাজার প্লাজায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইউনিট এবং গুরুতর আহত কয়েকজনকে ওয়ারলেস কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৭ জুন) ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে মগবাজার প্লাজায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার কাজ করছে।

বিস্ফোরণে পথচারী, গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে। ভবনটিতে একটি মিষ্টির দোকানসহ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি রমনা থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়াও পথচারীরা আহতদের হাসপাতালে নিয়েছে।
মগবাজারে বিস্ফোরণে ঘটনায় আহত ২০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে রয়েছেন সৈয়দ ইকবাল হোসেন, শাহ আলম, কালু, কামাল হোসেন, লাকি বেগম, তার মা সালেহা, ছেলে সৈকত ও নিহিত, মাসুদ, শহীদ, সেন্টুসহ অজ্ঞাত আরও কয়েকজন।








