রংপুরে অস্ত্রসহ ধরা পড়লো এনসিপির দুই নেতা
ডেস্ক রিপোর্ট
রংপুরের পার্কের মোড়ে আগ্নেয়াস্ত্রসহ দুই এনসিপি নেতাকে আটক করেছে স্থানীয় সাধারণ ছাত্র-জনতা। পরবর্তীকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- মো. রাগিব ও তুষার।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে পূর্ব-শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান তুষার ও রাগিব। কিন্তু একপর্যায়ে তারা নিজেরাই উত্তেজিত হয়ে পিস্তল বের করে গুলি করার হুমকি দেন।
তাৎক্ষণিকভাবে উপস্থিত ছাত্র-জনতা তাদের ধাওয়া করে ধরে গণধোলাই দেয় এবং পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম বলেন, পূর্বের একটি মারামারিকে কেন্দ্র করে আজ অর্ত নামের এক ছেলেকে বাইক নিয়ে এসে একদল হামলা চালায় এবং মারতে মারতে কাওছার একাডেমির সামনে আনে।
তিনি আরও বলেন, তখন স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করছিল। ঠিক তখনই ভুক্তভোগীর মামা পরিচয়ে এনসিপির দুই নেতা এসে পিস্তল বের করে গুলি করতে চান। পরে সবাই মিলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে তাজহাট থানার এসআই মো. মোসাদ্দেক জানান, আটককৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছে। পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।








