যে সিনেমা দেখলেই কমবে শরীরের বাড়তি ক্যালরি

বিনোদন ডেস্ক:

ওজন বা ক্যালরি কমানোর জন্য মানুষ নানা ডায়েট বা শরীরচর্চা করেন। তবে এবার এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য- শুধু হরর সিনেমা দেখলেই কমতে পারে শরীরের বাড়তি ক্যালরি!

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টারের গবেষকরা ২০১২ সালে একটি গবেষণা চালিয়েছেন। তাদের দাবি, ৯০ মিনিটের একটি শ্বাসরুদ্ধকর হরর সিনেমা দেখলে যে পরিমাণ ক্যালরি খরচ হয়, তা প্রায় আধা ঘণ্টা হাঁটার সমান। গবেষণায় দেখা গেছে, একটি পূর্ণদৈর্ঘ্য হরর সিনেমা দেখলে গড়ে ১১৩ ক্যালরি পর্যন্ত খরচ হতে পারে, যা একটি ছোট চকোলেট বারের সমপরিমাণ।

গবেষকরা ১০টি ক্লাসিক হরর সিনেমার ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, সব সিনেমার প্রভাব সমান নয়। তাদের তালিকায় সবচেয়ে বেশি ক্যালরি পোড়ানো সিনেমা হলো স্ট্যানলি কুবরিকের বিখ্যাত সাইকোলজিক্যাল হরর ‘দ্য শাইনিং’, যা দেখলে গড়ে ১৮৪ ক্যালরি খরচ হয়। এর পর আসে ‘জস’ (১৬১ ক্যালরি) এবং ‘দ্য এক্সরসিস্ট’ (১৫৮ ক্যালরি)।

গবেষকরা ব্যাখ্যা করছেন, হঠাৎ চমকে দেওয়ার মতো দৃশ্য থাকলে হার্ট রেট দ্রুত বেড়ে যায়। ইউনিভার্সিটির সেল মেটাবলিজম ও ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. রিচার্ড ম্যাকেঞ্জি বলেন, ভয়ের সময় অ্যাড্রেনালিনের প্রবাহ বেড়ে যায়, যা ক্ষুধা কমায় এবং বেসাল মেটাবলিক রেট বাড়িয়ে দেয়। এর ফলে বেশি ক্যালরি পোড়ানো সম্ভব হয়।

গবেষণায় দেখা গেছে, দর্শকদের হৃৎস্পন্দন, অক্সিজেন গ্রহণের মাত্রা এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণের হার বাড়ে, ফলে সাধারণ সময়ের তুলনায় ক্যালরি খরচ এক-তৃতীয়াংশ বেশি হয়।

লাভফিল্মের সম্পাদক হেলেন কাউলি বলেন, ভয়ের দৃশ্য দেখার সময় অনেকেই বালিশের আড়ালে মুখ লুকান। তবে যারা ক্যালরি কমাতে চান, তাদের চোখ পর্দার দিকে রাখা উচিত।

ক্যালরি কমাতে শীর্ষ ১০ হরর সিনেমা গবেষণায় উঠে আসা সবচেয়ে বেশি ক্যালরি পোড়ানো ১০টি সিনেমার তালিকাও উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো-

১. দ্য শাইনিং (১৮৪ ক্যালরি)
২. জস (১৬১ ক্যালরি)
৩. দ্য এক্সরসিস্ট (১৫৮ ক্যালরি)
৪. এলিয়েন (১৫২ ক্যালরি)
৫. স (১৩৩ ক্যালরি)
৬. আ নাইটমেয়ার অন এলম স্ট্রিট (১১৮ ক্যালরি)
৭. প্যারান নরমাল অ্যাক্টিভিটি (১১১ ক্যালরি)
৮. দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট (১০৫ ক্যালরি)
৯. দ্য টেক্সাস চেইন স ম্যাসাকার (১০৭ ক্যালরি)
১০. আরইসি [Rec] (১০১ ক্যালরি)

Share This:
You might also like