যুক্তরাষ্ট্রে প্রবেশে পর্যটকদের পাঁচ বছরের সামাজিক মাধ্যমের ইতিহাস দেখা হতে পারে
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে পর্যটক হিসেবে যেতে আগ্রহী যুক্তরাজ্যসহ প্রায় ৪০টি দেশের নাগরিকদের জন্য নতুন কঠোর শর্ত আরোপের প্রস্তাব করেছে দেশটির কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। এই নতুন প্রস্তাবটি মার্কিন সরকারের জার্নাল ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়েছে।
যেসব দেশের নাগরিকেরা ভিসা ছাড়া ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন (ইএসটিএ প্রযোজ্য), নতুন শর্ত তাঁদের ক্ষেত্রে কার্যকর হতে পারে।
নতুন শর্ত অনুযায়ী, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইএসটিএ) হালনাগাদ ফরম পূরণ করার সময় আবেদনকারীদের তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের শেষ পাঁচ বছরের তথ্য দিতে হবে। তবে কোন তথ্যগুলো দিতে হবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
আবেদনকারীদের গত ৫ এবং ১০ বছরে ব্যবহৃত ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাগুলো এবং পরিবারের সদস্যদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিতে হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতে ক্ষমতা গ্রহণের পর থেকেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে সীমান্তবিষয়ক নিয়ম কড়াকড়ি করতে শুরু করেছেন।
বিশ্লেষকরা বলছেন, এই নতুন পরিকল্পনা সম্ভাব্য পর্যটকদের জন্য বাধা সৃষ্টি করতে পারে এবং তাঁদের ডিজিটাল অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার আগে এই প্রস্তাব এলো।




