যুক্তরাষ্ট্রের ‘ডু নট ট্রাভেল’ তালিকায় বাংলাদেশসহ ১১৬ দেশ
বাংলাটাইমস অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ কমপক্ষে ১১৬টি দেশকে যুক্তরাষ্ট্র তার ‘ডু নট ট্রাভেল’ তালিকাভুক্ত করেছে। এই তালিকায় বৃটেন, কানাডা, ফ্রান্স, ইসরাইল, মেক্সিকো, জার্মানি ও অন্য কিছু দেশকেও রাখা হয়েছে। অতি উচ্চ মাত্রায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে ‘ডু নট ট্রাভেল’ বা এসব দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। এতে বাংলাদেশ অংশে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সফর করবেন না। এ ছাড়া এদেশে রয়েছে অপরাধ, সন্ত্রাস এবং অপহরণের মতো ঘটনা। এ জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বাংলাদেশের জন্য ‘লেভেল ৪ ট্রাভেল হেলথ নোটিশ’ জারি করেছে। এতে বলা হয়েছে, এ দেশটিতে অতি উচ্চ মাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে।
‘ডু নট ট্রাভেল’ তালিকায় আরো যেসব দেশ রয়েছে তার মধ্যে আছে ফিনল্যান্ড, মিশর, বেলজিয়াম, তুরস্ক, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড এবং স্পেন। চীন এবং জাপানের মতো কিছু দেশ রয়েছে লেভেলÑ৩ বা ভ্রমণ বিবেচনা করা যায় এমন তালিকায়। উল্লেখ্য, বর্তমানে ইউরোপের বেশির ভাগ দেশে করোনার কারণে মার্কিনিদের বড় অংশকে সফরে যেতে বাধা দেয়া হচ্ছে। মার্কিন নন এমন নাগরিকরা যারা সম্প্রতি ইউরোপ, চীন, ব্রাজিল, ইরান এবং দক্ষিণ আফ্রকায় ছিলেন, তাদেরকে নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। ওদিকে আরো ৩০ দিনের জন্য করোনা বিধিনিষেধ বর্ধিত করেছে যুক্তরাষ্ট্র।



