যুক্তরাজ্যে ৮২ পেশায় অভিবাসী কর্মী ভিসা চালুর পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক:
কর্মী সংকট নিরসন ও অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে ৮২টি পেশায় অস্থায়ী অভিবাসী কর্মী ভিসা চালুর পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। এসব পেশার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, অনুবাদক, ফটোগ্রাফারসহ বিভিন্ন পেশা অন্তর্ভুক্ত রয়েছে।
সাম্প্রতিক সময়ে ইংলিশ চ্যানেল হয়ে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী প্রবেশ এবং কয়েকটি খাতে শ্রমিক সংকটের কারণে ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভোটারদের আস্থা পুনরুদ্ধারে অভিবাসন ব্যবস্থায় কার্যকর পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছেন।
যুক্তরাজ্যের মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি (MAC) সুপারিশ করেছে, যেসব খাতে অভিবাসী শ্রমের প্রয়োজন, সেখানে ৩ থেকে ৫ বছরের অস্থায়ী কর্মী ভিসা প্রদান করা যেতে পারে। তবে সরকার নীতি পরিবর্তন না করলে এসব ভিসাধারীরা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন না।
সুপারিশে বলা হয়েছে, আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে এবং নিয়োগদাতাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগের পরিকল্পনাও জমা দিতে হবে।
প্রস্তাবিত তালিকায় রয়েছে—ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক ও লজিস্টিক ম্যানেজারসহ বহু পেশা।
এ বিষয়ে দ্বিতীয় ধাপের পর্যালোচনা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের জুলাই মাসে, যার পরেই তালিকা চূড়ান্ত হবে। বিশ্লেষকরা বলছেন, অস্ট্রেলিয়া ও হাঙ্গেরির মতো দেশগুলোতেও এমন ভিসা প্রকল্প চালু রয়েছে, যা স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও বাণিজ্যে দক্ষ কর্মী ঘাটতি পূরণে ভূমিকা রাখছে।
এদিকে, প্রধানমন্ত্রী স্টারমার দুই দিনের ভারত সফরে গিয়ে দ্বিপাক্ষিক ভিসা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, অতীতে এ ইস্যু বাণিজ্য আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল।




