মিয়ানমারের বিক্ষোভে নিহত ৫০০ ছাড়াল

অনলাইন ডেস্ক:

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

মঙ্গলবার (৩০ মার্চ) স্থানীয় পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন। সংস্থাটি জানায়, সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর চালানো হামলায় মোট ৫১০ জন প্রাণ হারিয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা হয়তো আরও অনেক বেশি। এবং এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে এ সংস্থাটি।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর শনিবার ছিল মিয়ানমারের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এদিন নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১১৪ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায় আলজাজিরা।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের সামরিক বাহিনীর এ হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে।

মিয়ানমারের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সম্মিলিতভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

Share This:
You might also like