মালয়েশিয়ায় আরআইপি প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি শিক্ষার্থী ওলিদ
Bangla Times News Desk:
মালয়েশিয়ায় ফাইনাল ইয়ার প্রজেক্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন পোস্টার প্রতিযোগিতায় (আরআইপিসি) ৮০ শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন ওলিদ বিন নাসির নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। তিনি মালয়েশিয়ার ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।
চলতি মাসের ৫ আগস্ট অনলাইনে গবেষণাপত্র জমা দেন ওলিদ। ২৮ আগস্ট জুরিবোর্ড তাকে প্রথম পুরস্কারে ভূষিত করে। ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফাইনাল ইয়ার প্রজেক্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন পোস্টার প্রতিযোগিতায় অংশ নেন।
শিক্ষার্থীদের চূড়ান্ত বছরের প্রকল্প, থিসিস, বা গবেষণাপত্র উপস্থাপনের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে প্রতিযোগিতাটি প্রথম চালু হয়।
বাংলাদেশি শিক্ষার্থী ওলিদ ২০১৭ সালে ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনলজি বিষয়ে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন।
চট্টগ্রামের পাঁচলাইশের নাসির উদ্দিন চৌধুরীর ছেলে ওলিদবিন নাসির ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি সম্মানজনক পুরস্কার জেতা খুবই গর্বের। আশা করি, আমরা এ ধরনের আরও পুরস্কার জিততে পারব এবং আমাদের দেশকে গর্বিত করতে পারব।




