মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক
Bangla Times News Desk:
পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় রদবদল করার পর সোমবার (২৪ মে) তাদেরকে আটক করা হয়। বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানে এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করে রাজধানী বামাকো কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।
সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে ১৮ মাস মেয়াদী অন্তর্বর্তী সরকারের পরিচালনা করছিলেন। একইসঙ্গে দেশে আবারও বেসামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর ফের সংকটের সূচনা হয়। এক পর্যায়ে আটক করা হয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে।
এদিকে সামরিক বাহিনীর হাতে আটক মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অবিলম্বে মুক্তি দাবি করেছে জাতিসংঘ। দেশটিতে অবস্থিত জাতিসংঘ মিশন থেকে এই দাবি জানানো হয়। ফরাসি ভাষায় দেওয়া এক টুইট বার্তায় এসময় পশ্চিম আফ্রিকার এই দেশটির সকল পক্ষকে শান্ত থাকারও আহ্বান জানায় সংস্থাটি।
আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্র মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটকের নিন্দা জানিয়ে বলেছে, কোনো শর্ত ছাড়াই মালির শীর্ষ রাজনীতিকদের মুক্তি দিবে হবে।
সূত্র: বিবিসি, রয়টার্স





