মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা

অনলাইন ডেস্ক:

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে, যা হাজারো শিক্ষার্থীর ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির সুযোগ করে দেবে।

বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসানে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশাধিকার পেলেও বাংলাদেশি শিক্ষার্থীরা এতদিন এ সুবিধা পাননি।

 

Study Abroad 01911110597

এর আগে, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক কুয়ালালামপুরে একটি হোটেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শিক্ষাবিষয়ক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানো।

তিনি জানান, বৈঠকে উপস্থিত আইন, বিচার ও প্রবাসী কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমাদের (মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী) মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা প্রদানে সম্মতি জানিয়েছেন। তবে নীতি কার্যকর করতে হলে উভয়পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে বলেন আসিফ নজরুল।

অধ্যাপক ইউনূস শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন। এ সময় ঢাকা মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি চায়।

মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ প্রচারণায় গভীর আগ্রহ প্রকাশ করেন, যার লক্ষ্য বৈশ্বিক দারিদ্র্য ও বেকারত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, আপনি যদি দরিদ্র্যহীন একটি পৃথিবীর কল্পনা না করেন, তবে তা কখনো ঘটবে না। আত্মবিধ্বংসী নয় এমন একটি সভ্যতা গড়ে তুলতে কাজ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানান, যাতে শিক্ষাক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুতফে সিদ্দিকি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক (এসডিজি) জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ।

Study Abroad
Share This:
You might also like