মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানে যেভাবে ঢাকায় তল্লাশি চালায় বিমান বাহিনী

অনলাইন ডেস্ক:

মালয়েশিয়া থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটে বোমা বহনকারী যাত্রী রয়েছে সন্দেহে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১ ডিসেম্বর) রাতে এই ব্যবস্থা নেওয়া হয়। এরই প্রেক্ষিতে, বাংলাদেশ বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট, কুইক রিঅ্যাকশন ফোর্স, ফায়ার ফাইটার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষনিকভবে ঘটনাস্থলে উপস্থিত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

CSB Ad

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ জানার পর এভসেক, র‍্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ, এপিবিএন-এর সদস্যরা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে। উড়োজাহাজটি রাত ৯টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে উইং কমান্ডার ওয়ালিদের নেতৃত্বে বিমান বাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স বিমানটিকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। পরবর্তীতে উইং কমান্ডার মহিউদ্দিনের নেতৃত্বে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ফ্লাইটের প্রত্যেক যাত্রী ও লাগেজ তল্লাশি করে।

উড়োজাহাজটির ভিতরে এবং কার্গো কম্পার্টমেন্ট সম্পূর্ণরূপে তল্লাশি চালানো হয়। তবে কোথাও বিস্ফোরক জাতীয় কিছুর সন্ধান পাওয়া যায়নি। অবশেষে রাত ১টায় বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট মালয়েশিয়ান এয়ারলাইন্স এর উড়োজাহাজটিকে নিরাপদ ঘোষণা করে। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।

Share This:
You might also like