ভোটার ৯০ জন, ভোট পড়েছে ১৮১টি

অনলাইন ডেস্ক:

ভারতের আসামে বিধান সভা নির্বাচনের একটি ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে। ভোট কেন্দ্রের একটি বুথে ভোটার ছিল ৯০ জন, অথচ ভোট পড়েছে ১৮১টি।

আসামের হাফলং কেন্দ্রের ঘটনা। গত ১ এপ্রিল এখানে ভোট হয়। তারপরই নির্বাচন কমিশনের কর্মকর্তাদের চক্ষু চড়কগাছ। একটি বুথে ভোট রয়েছে মাত্র ৯০টি, অথচ ভোট পড়েছে ১৮১টি।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এমন কাণ্ডের জেরে নির্বাচন কমিশন ওই বুথে থাকা সব কর্মীকে বরখাস্ত করেছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

কমিশন জানিয়েছে, প্রিসাইডিং ও প্রথম পোলিং অফিসার স্বীকার করেছেন, তারা প্রধান বুথের পাশাপাশি অন্য একটি বুথেও ভোট দেওয়ার অনুমতি দিয়েছিলেন।

আসামে এই নিয়ে ভোট সংক্রান্ত দ্বিতীয় গুরুতর অভিযোগ সামনে এলো। এর আগে রাতাবাড়ি কেন্দ্রে একজন বিজেপি প্রার্থীর গাড়িতে করে ইভিএম নিয়ে গিয়েছিলেন ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। ওই কেন্দ্রে আবার ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। সেখানেও চারজন ভোট কর্মীকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন অবশ্য বলেছিল, বাক্সের সিল অক্ষত ছিল।

কংগ্রেস অভিযোগ করেছে, আসামে জালিয়াতি না করলে বিজেপি জিতবে না। তাই তারা জেতার জন্য ব্যাপক জালিয়াতি করেছে।

Share This:
You might also like