বিনা খরচে ইতালিতে পড়াশোনার সুযোগ মিলবে যেভাবে
বাংলা টাইমস ডেস্ক
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ইউরোপের জনপ্রিয় গন্তব্যগুলোর একটি ইতালি। তবে দেশটিতে পড়াশোনা ও বসবাসের খরচ অনেক শিক্ষার্থীর জন্য বড় চ্যালেঞ্জ।
এই বাধা কিছুটা কমাতে পারে বৃত্তি ও টিউশন ফি মওকুফের সুযোগ। এবার ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে ইতালির খ্যাতনামা বোকোনি বিশ্ববিদ্যালয়।
স্নাতকে মিলতে পারে পুরো টিউশন ফি মওকুফ
স্নাতক ও আইন প্রোগ্রামের প্রথম বর্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘বোকোনি ফর অ্যাকসেস টু এডুকেশন’ কর্মসূচি। এর আওতায় যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ টিউশন ফি মওকুফ পেতে পারেন।
এই সহায়তা মূলত শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা ও সম্পদের মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনভিত্তিক অন্যান্য সহায়তায় ৬০ শতাংশ বা ২০ শতাংশ পর্যন্ত আংশিক টিউশন ফি মওকুফের সুযোগও রয়েছে। এ ছাড়া নারী শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, একই সময়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভাই-বোন এবং শিক্ষার্থী অ্যাথলেটদের জন্যও রয়েছে বিশেষ সহায়তা। ৬৬ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধিতা থাকা শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রয়েছে।।
স্নাতকোত্তরেও একাধিক বৃত্তি
শুধু স্নাতক নয়, স্নাতকোত্তর পর্যায়েও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা রয়েছে। এর মধ্যে রয়েছে বোকোনি মেরিট অ্যাওয়ার্ড, ওমেন অ্যাওয়ার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত বিশেষ পুরস্কার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে আইএসইউ বোকোনি স্কলারশিপ। এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং খেলাধুলার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্যও আলাদা সহায়তার সুযোগ রয়েছে।
যেসব সুবিধা মিলবে
বৃত্তির ধরন ও যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা পেতে পারেন—
- সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ
- নগদ আর্থিক সহায়তা
- খাবারসহ নির্দিষ্ট কিছু সুবিধা
- বিশেষ ক্ষেত্রে আবাসন বা অন্যান্য সহায়তা
- আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
- বিভিন্ন একাডেমিক ও পেশাগত সুবিধা ব্যবহারের সুযোগ।






