বারবার অ্যামেরিকার ভিসা বাতিল, আত্মহত্যা করলেন চিকিৎসক
অনলাইন ডেস্ক:
আমেরিকার ভিসা বারবার বাতিল হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ভারতের হায়দরাবাদের ৩৮ বছর বয়সী নারী চিকিৎসক রোহিনী। শনিবার হায়দরাবাদে নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোহিনীর ফ্ল্যাটের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় গৃহকর্মীর সন্দেহ হয়। বিষয়টি তিনি রোহিনীর পরিবারের কাছে জানালে তারা দ্রুত সেখানে ছুটে যান। পরে দরজা ভেঙে দেখা যায় নিথর দেহ পড়ে আছে রোহিনীর। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে আত্মহত্যার কারণ হিসেবে বারবার যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা প্রত্যাখ্যান এবং তা থেকে সৃষ্ট গভীর হতাশার কথা উল্লেখ ছিল। ধারণা করা হচ্ছে, রোহিনী শুক্রবার রাতে অতিরিক্ত ঘুমের ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে আত্মহত্যা করেছেন।
মৃত চিকিৎসকের মা লক্ষ্মী বলেন, রোহিনী অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে ক্যারিয়ার শুরু করার স্বপ্ন দেখতেন। তবে ধারাবাহিকভাবে ভিসা বাতিল হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবার তাকে ভারতে পেশাজীবন গড়ার পরামর্শ দিলেও রোহিনী তা গ্রহণ করেননি।
তার স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চিকিৎসা সেবা দিয়ে ক্যারিয়ার গড়ে তোলা। কিন্তু বারবার ভিসা বাতিল হওয়ায় চরম হতাশায় নিমজ্জিত হন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।




