বরগুনায় দিনমজুরের বাসায় মাদক খুঁজতে গিয়ে রিভলবার পেল ডিবি
বাংলাটাইমস নিউজ ডেস্ক:
বরগুনায় এক দিনমজুরের বাসায় অভিযান চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খেজুরতলা গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দিনমজুর রিপনকে (৩৪) আটক করা হয়েছে।
আটক রিপন বরগুনার আমতলী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার মৃত কালু ফকিরের ছেলে। বরগুনা সদর উপজেলার খেজুরতলা এলাকার শাহজাহান মিয়ার বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিপনের বাসায় মাদক উদ্ধারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় তার ঘরের খাটের নিচে বিশেষ পদ্ধতিতে রাখা চার রাউন্ড গুলিসহ একটি রিভলবার খুঁজে পায় পুলিশ। রিভলবারের চেম্বারেই চার রাউন্ড গুলি রাখা ছিল বলেও জানান তিনি।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান বলেন, অস্ত্রসহ আটক রিপনকে জিজ্ঞাসাবাদ করা হবে।




