বইমেলার সময় কমল
নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় অমর একুশে গ্রন্থমেলার সময় কমানো হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকত মেলার স্টলগুলো। তবে বুধবার (৩১ মার্চ) থেকে মেলার নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে।
(৩১ মার্চ) থেকে অমর একুশে গ্রন্থমেলা বিকাল ৩ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত চলবে। এছাড়া শুক্রবার এবং শনিবারে বেলা ১১ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত বই প্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।
অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এবারের গ্রন্থমেলার ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী’। প্রতি বছর ফেব্রুয়ারিতে মেলা শুরু হলেও করোনার কারণে এবার তা শুরু হয়েছে ১৮ মার্চ। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায় নিয়ে বসেছে এবারের বই মেলা।
বাংলা একাডেমি সূত্র জানায়, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে অমর একুশে গ্রন্থমেলা ২০২১। করোনার কারণে শুরু থেকেই এবার থাকছে না শিশু প্রহর। আর মাস্ক ছাড়া মেলার প্রাঙ্গণে প্রবেশ নিষেধ করা হয়েছে।




