ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির কারাবাস শুরু মঙ্গলবার, বই লিখবেন কারাগারে
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধ-পরবর্তী ফ্রান্সের প্রথম কোনো প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত কোনো দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে কারাগারে যাচ্ছেন নিকোলা সারকোজি। আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে প্যারিসের লা সান্তে নামের একটি কারাগারে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কারাগারে যাওয়ার আগে সারকোজি বলেছেন, তিনি ‘ভীত নন’। আর কারাগারে থাকার সময় বই লিখবেন বলেও জানিয়েছেন তিনি।
গত ২৫ সেপ্টেম্বর প্যারিসের আদালত ৭০ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টকে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে অর্থ দিয়েছিলেন লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি। যদিও সারকোজি বরাবরই নিজেকে ‘নির্দোষ’ দাবি করে আসছেন।
কারাগারে যাওয়ার প্রাক্কালে সাবেক প্রেসিডেন্ট ফরাসি সংবাদমাধ্যম লা ত্রিব্যুন দিমঁশকে বলেছেন, তিনি ‘কারাগার নিয়ে ভীত নন’। তিনি বলেন, “সান্তের ফটকেও আমি মাথা উঁচু করেই ঢুকব।”
সারকোজি আরও জানিয়েছেন, কারাগারে তিনি কোনো বিশেষ সুবিধা চান না বা কারও সহানুভূতি নিতে চান না। উল্টো, কারাগারে থাকার সময়টিকে কাজে লাগিয়ে একটি বই লেখার পরিকল্পনা করেছেন বলে পত্রিকাটি তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে।








