পাবনায় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
জেলা প্রতিনিধি, পাবনা
পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৩৪ বছর ইমামতি করার পর ফুলে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর ইমামকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন এলাকাবাসী। এর পাশাপাশি তাকে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয় মসজিদ পরিচালনা কমিটি। এতে অংশ নেন স্থানীয়রাও।
৬৭ বছর বয়সী ইমাম আব্দুল মান্নান একই উপজেলার বাড়ইপাড়া এলাকার বাসিন্দা। তিনি ১৯৯৩ সাল থেকে টানা ৩৪ বছর ধরে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রমধর্মী বিদায়ের আয়োজন করা হয়।
ইমামকে বিদায় জানাতে শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন স্থানীয়রা।
মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাতেম আলী খান বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদেরকে জীবনের নানা দিক-নির্দেশনা দিয়েছেন।
সমাজের মানুষকে দ্বীনের পথে আনতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান জানাতে আমরা এ আয়োজন করেছি।
আবেগজড়িত কণ্ঠে ইমাম আব্দুল মান্নান বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী আমাকে এতটা ভালোবাসেন এবং মন থেকে সম্মান করেন, এটি ভেবে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।




