পাকিস্তানে পালটা বিমান হামলার দাবি আফগানিস্তানের

বাংলা টাইমস ডেস্ক:

পাকিস্তানের সাম্প্রতিক হামলার জবাবে পালটা আঘাত হেনেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আফগান বিমানবাহিনী পাকিস্তানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।

হামলার আওতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ সীমান্তবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল বলে জানানো হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে বিমানবাহিনী ফাইজাবাদ–সংলগ্ন একটি সামরিক শিবির, নওশেরা সেনা ক্যান্টনমেন্ট, জামরুদ সামরিক কলোনি এবং অ্যাবোটাবাদ–এ অবস্থিত বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। তাদের দাবি, অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়, এর আগের রাতে পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে কাবুল, কান্দাহার এবং পাকতিয়া অঞ্চলে হামলা চালায়। সেই ঘটনার জবাব হিসেবেই এই পাল্টা বিমান অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে যে তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর–এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, তালেবানের ৭৩টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮টি পোস্ট দখলে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক হিসেবে আফগান তালেবানের ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

দুই দেশের পাল্টাপাল্টি অভিযানের ফলে সীমান্তজুড়ে উত্তেজনা আরও বেড়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে।

Share This:
You might also like