পর্তুগাল-মাল্টার কনস্যুলার টিম ঢাকায় এসে ভিসা দেবে
অনলাইন ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, পর্তুগাল-মাল্টার কনস্যুলার টিম ঢাকায় এসে ভিসা দেবে। আগামী দুই মাসের মধ্যে পর্তুগালের একটি কনস্যুলার টিম ঢাকায় আসবে।

ইউরোপ সফর শেষে রোববার ঢাকায় ফিরেছেন ড. মোমেন।
তিনি আরও জানান, মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকেও ভিসা দেওয়ার জন্য ঢাকায় একটি কনস্যুলার টিম পাঠানোর অনুরোধ করেছি। তিনিও প্রস্তাবে সাড়া দিয়েছেন। মাল্টায় যাওয়ার জন্য ৩ হাজার বাংলাদেশি আবেদন করেছেন বলেও জানান তিনি।
ড. মোমেন বলেন, পর্তুগাল ও মাল্টার ঢাকা মিশন না থাকায় দিল্লি থেকে ভিসা নিতে হয়। এতে আমাদের লোকজনের ভোগান্তি হয়। সে কারণে তাদের ঢাকায় মিশন খুলতে অনুরোধ করেছি। আর আপাতত জরুরিভাবে কনস্যুলার টিম পাঠিয়ে ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছি।
উল্লেখ্য, লিসবনে মহাসাগর সম্মেলনে যোগদানকালে পর্তুগাল ও মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকে কনস্যুলার টিম পাঠানোর অনুরোধ করেন ড. এ কে আব্দুল মোমেন।








