পদত্যাগ করলেন আফগান প্রেসিডেন্ট গনি, তালিবানকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু কাবুলে
পদত্যাগ করলেন আফগান প্রেসিডেন্ট গনি, তালিবানকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু কাবুলে।
দীর্ঘ ২০ বছরের প্রস্তুতি। আধুনিক অস্ত্রে প্রশিক্ষিত বাহিনী। তা সত্ত্বেও তালিবানকে ঠেকাতে পারল না আশরফ গনি সরকার। আমেরিকা পিছু হটতেই আফগানিস্তানে নতুন করে নিজেদের রাজত্ব কায়েম করার মুখে তালিবান।
মাত্র ৪৫ মিনিটের আলোচনা। তার পরই পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। ক্ষমতা বদল হল আফগানিস্তানে। প্রায় দু’দশক পর আফগানিস্তানে শুরু হচ্ছে তালিবান-রাজ। কাবুলে হামলা হবে না, এই শর্তে তালিবানের সঙ্গে সমঝোতা হয়েছে আফগানিস্তান সরকারের সঙ্গে।
ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার জন্য ৪৫ মিনিট আগে প্রেসিডেন্টের বাসভবনে গিয়েছিল তালিবান সংগঠনের একটি প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও ছিলেন সেখানে। সমঝোতা অনুযায়ী, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হবেন বরাদরই।
তালিবান সংগঠনের তরফে জানানো হয়েছে, ‘‘বিদেশিরা চাইলে কাবুল ছাড়তে পারেন। তবে আগামী দিনে কাবুলে থাকতে গেলে তালিবান প্রশাসনের কাছে সব নথি পত্র জমা করতে হবে তাঁদের।’’
গায়ের জোরে বা রক্তপাত ঘটিয়ে নয়, শান্তিপূর্ণ ভাবেই ক্ষমতার হস্তান্তর চায় তালিবান নেতারা, কাবুলের মূল শহরে ঢোকার আগেই সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছিলেন তালিবান গোষ্ঠীর এক মুখপাত্র। তার কথায়, ‘‘সাধারণ মানুষ যেন হিংসার বলি না হন, সে দিকে খেয়াল রাখা হচ্ছে। কাবুলের মানুষের জীবন বিপন্ন হোক, তা একেবারেই চাই না আমর।’’ শেষ পাওয়া খবর, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে রাজি আফগান সরকারও। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, জানিয়েছে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক।




