না ফেরার দেশে দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শংকর
Bangla Times Desk
দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় চলে গেলেন না ফেরার দেশে। শংকর নামেই পরিচিত ছিলেন। এই নামেই তিনি তার সৃষ্টিকে বাঙালি পাঠকের কাছে আপন করে রেখে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
সাহিত্যিকের প্রয়াণে শোকস্তব্ধ বাঙালি পাঠক, সাহিত্যিকমহল এবং বিনোদন দুনিয়া । তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, একাধিক শারীরিক সমস্যা নিয়ে দিন পনেরো আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাঠকপ্রিয় এই সাহিত্যিক। সেই সময় খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তার। ঝিমিয়ে পড়েছিলেন তিনি। শুক্রবার দুপুরে তিনি প্রয়াত হলেন মণিশঙ্কর ।

গত বছরের শেষের দিকেও পড়ে গিয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক। কোমরের হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালেও ভর্তি ছিলেন। পরে সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ফেব্রুয়ারির গোড়ার দিকে ফের অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করতে হয় হাসপাতালে। কিন্তু এবার তার হাসপাতাল থেকে আর ফেরা হলো না বাড়িতে।
কত অজানারে, চৌরঙ্গী, সীমাবদ্ধ , ঘরের মধ্যে ঘর, সীমাবদ্ধ থেকে জন অরণ্য-র মতো বহু উপন্যাসের স্রষ্টা শংকর শুধুমাত্র একজন সাহিত্যিক ছিলেন না, তিনি সমাজের একজন পর্যবেক্ষক ছিলেন। তার লেখায় কলকাতা জীবন্ত চরিত্র হয়ে উঠেছিল।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের (শংকর) প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। চৌরঙ্গী থেকে কত অজানারে, সীমাবদ্ধ থেকে জনঅরণ্য – তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে।








