নাগরিকত্ব আবেদনে জালিয়াতি ঠেকাতে কঠোর আইন আনছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

জার্মান নাগরিকত্বের জন্য আবেদন করতে গিয়ে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হবে। এই সময়ের মধ্যে ওই ব্যক্তি আর জার্মান নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না।

নিরাপদ উৎস দেশ নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের খসড়ায় নতুন এই বিধান যুক্ত করা হয়েছে। বুধবার জার্মান পার্লামেন্টের বুন্ডেসটাগের অভ্যন্তরীণ কমিটি খসড়াটির অনুমোদন দিয়েছে।

CSB Ad

সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি এবং ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি (AfD) সদস্যরা সংশোধনীটির পক্ষে ভোট দিয়েছেন। তবে গ্রিনস এবং ডি লিংকে-এর সদস্যরা এর বিরোধিতা করেন।

সাম্প্রতিক সময়ে জার্মানির কয়েকটি রাজ্যে নাগরিকত্বের আবেদনে ভুয়া ভাষা সনদ জমা দেওয়ার ঘটনা সামনে আসে। এসব ঘটনার পর ভুয়া সনদচক্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এই প্রেক্ষাপটেই সরকার আইনকে আরও কঠোর করার সিদ্ধান্ত নেয়।

শুক্রবার বুন্ডেসটাগের পূর্ণাঙ্গ অধিবেশনে বিলটি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। সেদিনই বিল পাসের জন্য ভোটাভুটি হতে পারে।

আইনের খসড়ার ভাষ্য অনুযায়ী, নাগরিকত্ব গ্রহণের প্রয়োজনীয় শর্তপূরণে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন, অথবা প্রতারণা, হুমকি কিংবা ঘুষের মাধ্যমে সুবিধা নিতে চান, তাহলে তার ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এতে বলা হয়েছে, কঠোর শাস্তির ফলে নাগরিকত্ব আইন আরও কার্যকর হবে এবং জালিয়াতি বা অনিয়ম প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খসড়ায় আরেকটি বড় পরিবর্তনের কথাও উল্লেখ রয়েছে। অনিয়মিত অভিবাসী বা প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের বহিষ্কারের আগে আটককেন্দ্রে থাকার সময় রাষ্ট্রীয় সহায়তায় আইনি পরামর্শ দেওয়ার যে ব্যবস্থা চলছিল, তা বাতিল করতে চায় বর্তমান সরকার। সরকারের দাবি, এই ব্যয় আর বহন করা সম্ভব নয়।

Share This:
You might also like