নতুন বছরে সপ্তাহে সাড়ে ৪ দিন অফিস সংযুক্ত আরব আমিরাতে
অনলাইন ডেস্ক:
সরকারি কর্মীদের জন্য কাজের নতুন সময়সীমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জানুয়ারি থেকে দেশটিতে সপ্তাহে মাত্র সাড়ে চারদিন অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের। শুক্রবার অর্ধদিবস এবং শনি ও রোববার পূর্ণ দিবস ছুটি থাকবে তাদের। মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে আমিরাত সরকার।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কর্মদিবস ঘোষণা করেছে আবুধাবি সরকার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, আমিরাতের অর্থনৈতিক ও ব্যবসায়িক খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুসারে, আমিরাতে সরকারি কর্মীরা সোমবার থেকে বৃহস্পতিবার দৈনিক আট ঘণ্টা অফিস করবেন। তবে শুক্রবার কাজ করতে হবে মাত্র সাড়ে চার ঘণ্টা। জুমার নামাজের দিনটিতে তারা বাসায় থেকে নাকি অফিসে গিয়ে কাজ করবেন, তা নিজেরাই নির্ধারণ করবেন।
মধ্যপ্রাচ্যের দেশটিতে সপ্তাহে সাড়ে চার কর্মদিবসের সুবিধা বেসরকারি খাতের কর্মীরাও পাবেন কিনা তা এখনো পরিষ্কার নয়। আগামী দিনগুলোতে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা আসবে বলে আশা করছে স্থানীয় গণমাধ্যমগুলো।








