দ্বিতীয় বিয়ে করলেই জেলে, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আসাম রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধের বিল অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। রোববার (১০ নভেম্বর) লোক সেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন।

তিনি জানান, নতুন আইনটি কার্যকর হলে বহুবিবাহকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও ভুক্তভোগী নারীর জন্য ক্ষতিপূরণের সুযোগ রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই আইন সকলের জন্য প্রযোজ্য হবে, তবে আদিবাসী সম্প্রদায় এর আওতার বাইরে থাকবে।”

এ সময় তিনি রাজ্য সরকারের চলমান কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও উল্লেখ করেন এর মধ্যে রয়েছে অস্ত্র লাইসেন্স যাচাই প্রক্রিয়া, যা আগামী ফেব্রুয়ারিতে প্রথম ধাপে অনুমোদিত হবে, এবং জমি বিক্রয় নিয়ন্ত্রণের নতুন ব্যবস্থা।

হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ২০০১ থেকে ২০১১ সালের জনগণনা তথ্য অনুযায়ী, রাজ্যে হিন্দু জনগোষ্ঠীর বৃদ্ধির হার কমেছে, বিপরীতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কয়েকটি ব্লকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও দাবি করেন, আসামের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্প ইতোমধ্যে অন্য রাজ্যগুলোতেও প্রভাব ফেলেছে। তার ভাষায়, মধ্যপ্রদেশ ও বিহারের ‘লাডলি বেহনা’ প্রকল্প আসামের অনুরূপ উদ্যোগ থেকে অনুপ্রাণিত।

সূত্র: এনডিটিভি

Share This:
You might also like