দেশের সবচেয়ে ধনী শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি
Bangla News: শিক্ষার্থীদের টিউশন ফি থেকে প্রতি বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) আয় হয় প্রায় ৫০০ কোটি টাকা। বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় আয়কৃত এ অর্থের অর্ধেকও ব্যয়ের প্রয়োজন পড়ে না। এনএসইউর বার্ষিক অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয়ের পরিমাণ ২৫০ কোটি টাকারও কম। প্রতি বছরই বেঁচে যাওয়া বড় অংকের এ অর্থ যুক্ত হচ্ছে নর্থ সাউথের তহবিলে। উদ্বৃত্ত অর্থে ক্রমেই ফুলেফেঁপে উঠছে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির তহবিল।
সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য বলছে, বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা আছে প্রায় দেড় হাজার কোটি টাকা। দেশের এক ডজনেরও বেশি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেয়াদি আমানত হিসেবে এ অর্থ জমা রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বলছে, দেশের আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই এত বড় অংকের তহবিল নেই। এমনকি আয়ের পরিমাণ ও উদ্বৃত্ত তহবিলের আকারে নর্থ সাউথ এখন দেশের অনেক বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও ছাড়িয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি অর্থ জমা আছে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে। মেয়াদি আমানত হিসেবে ব্যাংকটির বসুন্ধরা শাখায় জমা আছে ৩৪৭ কোটি টাকা। সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের বড় অংশই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি। বিশ্ববিদ্যালয়টির বর্তমান চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। এছাড়া সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ কাশেমও বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়টির বড় অংকের আমানত জমা রয়েছে দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডেও। এছাড়া পিকে হালদারের লুটপাটের শিকার আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের টিউশন ফি থেকে ১০ কোটি টাকার বেশি জমা রাখা হয়েছে। যদিও দীর্ঘদিন চেষ্টা করেও এ অর্থ ফিরে পাচ্ছে না বিশ্ববিদ্যালয়টি।



