দিল্লিতে গ্রেফতার ২ বাংলাদেশি, ১১ পাসপোর্ট ও ভুয়া স্ট্যাম্প উদ্ধার
অনলাইন দেস্কঃ
ভারতের রাজধানী দিল্লিতে ভুয়া পাসপোর্ট রাখার দায়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ১১টি পাসপর্ট এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ১০টি ভুয়া স্ট্যাম্প পাওয়া গেছে। এরপর শহরের আরও কিছু এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।
খবরে জানানো হয়, গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশির নাম মোহাম্মদ মোস্তাফা এবং মোহাম্মদ হুসেইন শেখ। তাদেরকে রামফাল চক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেখানকার একটি বাড়িতে তারা ভাড়া থাকতেন। তাদের কাছে পাওয়া পাসপোর্ট এবং ভুয়া স্ট্যাম্প সম্পর্কে তারা কোনো যুক্তিযুক্ত উত্তর দিতে পারেনি।
তাদের বিরুদ্ধে ‘ফরেনার অ্যাক্ট এবং ৪৬৮ আইপিসি’ আইনের অধীনে মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে পরবর্তী অনুসন্ধান শুরু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে যারা ভারতে চিকিৎসা নিতে যান তাদেরকে সাহায্য করার জন্য কাজ করেন তারা।



