‘তোর ভাইকে ১০ হাজার মানুষের মধ্যে মেরেছি, তোকেও মেরে ফেলবো’
বাংলা টাইমস ডেস্ক:
চট্টগ্রামে বিএনপির নির্বাচনি প্রচারণা চলাকালে নিহত সরোয়ার হোসেন বাবলার ছোট ভাই আজিজ উদ্দিনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো একটি অডিও বার্তায় এ হুমকি দেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
আজিজ উদ্দিনের অভিযোগ, তাকে হুমকি দেওয়া ব্যক্তি মোবারক হোসেন ওরফে ইমন, যিনি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। ইমন ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত আরেক শীর্ষ সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগী বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক খুন, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের অভিযোগ থাকলেও এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আড়াই মিনিটের একটি অডিও ক্লিপে হুমকিদাতা নিজেকে সরোয়ার বাবলার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করেন। অডিওতে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করে আজিজ উদ্দিনকে ঘরে ঢুকে হত্যার হুমকিও দেওয়া হয়। সেখানে একাধিকবার আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
আজিজ উদ্দিন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির নির্বাচনি প্রচারণার সময় তার ভাই সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনার পর থেকেই তিনি নিয়মিত হুমকির মুখে রয়েছেন বলে জানান।
আজিজ উদ্দিন বলেন, ভাই হত্যার পর থেকে সন্ত্রাসীরা তাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। সর্বশেষ অডিও হুমকির পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তিনি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ওসি ও চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারকে জানিয়েছেন।




