টয়লেটে মোবাইল ফোন নিয়ে বসে থাকছেন? বিপদ ডেকে আনছেন না তো

অনলাইন ডেস্ক:

দিনের একটা বড় সময় কাটে মোবাইল ফোন হাতে নিয়ে। খেতে বসা, ঘুমোতে যাওয়া, যানবাহনে যাতায়াত তো আছেই, টয়লেটেও হাত ছাড়ে না এই মোবাইল ফোন। বহু স্মার্টফোন ব্যবহারকারীরই এই অভ্যাস— টয়লেটে ফোন নিয়ে ঢোকা।

টয়লেটে বসে ফোন ঘাঁটা তাৎক্ষণিক আনন্দ দেয়। কিন্তু একটু হিসাব করলেই বোঝা যায়, শৌচালয়ের কাজ যত ক্ষণে সেরে বেরোনোর কথা, তার চেয়ে অনেক বেশি সময় লেগে যায় হাতে ফোন থাকলে। কারণ বেখেয়ালে কেটে যায় লম্বা সময়।

কিন্তু শুধুই সময়ের অপচয়, না কি আরও অনেক কিছু? শৌচালয়ে ফোন হাতে বসে থাকলে কী কী সমস্যা হতে পারে? রইল সন্ধান।

১) টয়লেটে নানা ধরনের জীবাণু থাকে। সালমোনেলা, বিভিন্ন ধরনের ব্যাকটিরিয়া বা ছত্রাক শৌচালয়ে বেশি মাত্রায় বাসা বাঁধে। কারণ এর আর্দ্র পরিবেশ। তার মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢুকলে সেই সব অতিসক্রিয় জীবাণু ফোনেও নিজেদের বংশবিস্তার করে। বিশেষ করে ফোনের ঢাকনার ফাঁকে এদের বাড়বাড়ন্ত হয়। পরে এগুলিই নানা ধরনের সংক্রমণ বাড়িয়ে দেয়।

২) টয়লেটে ফোন নিয়ে যাচ্ছেন মানে, পুরো মনোযোগটাই ফোনের উপর পড়ছে। ঘাড় ঝুঁকিয়ে ফোনের দিকে টানা তাকিয়ে থাকার ফলে ঘাড় ও শিরদাঁড়ার ক্ষতি হয়।

৩) টয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস শরীরের স্বাভাবিক অভ্যন্তরীণ ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটায়। এর ফলে অন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

৪) সারা দিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে কেটেছে। এর পরে বাড়ি ফিরে শৌচালয়ে ঢুকলেন ফোন নিয়ে। এতে বিশ্রামের সময় কমে যেতে পারে। তা ছাড়া ফোনের আলোও ঘুম কমিয়ে দেয়। তাতে ক্লান্তির মাত্রা বাড়তে থাকে।

 

Share This:
You might also like