ছেলের কারণে সরিয়ে নেওয়া হলো শাহরুখ খান অভিনীত বিজ্ঞাপন!

অনলাইন ডেস্ক:

গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে রিয়ান খানসহ ৮ জনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর তাদের জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এখনো জামিন পাননি আরিয়ান।

ছেলের এমন হঠাৎ দুর্ঘটনায় বড় ধাক্কা খেলেন শাহরুখ খান। কিং খানকে দিয়ে করানো তাঁদের সমস্ত বিজ্ঞাপন আপাতত সরিয়ে নিল ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ বাইজু (Byju)।

জানা যাচ্ছে, বিজ্ঞাপনের জন্য অগ্রিম বুকিং সত্ত্বেও সংস্থার তরফে সমস্ত বিজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাগাতার আক্রমণের মুখে বাইজুর তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৭ সালে ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ বাইজুর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শাহরুখ। এর পরই নাকি ওই সংস্থার আয় দ্বিগুন বেড়ে গিয়েছিল। বিজ্ঞাপনে ছোটদের ভবিষ্যৎ এবং শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে শাহরুখকে পরামর্শ দিতে শোনা যায়।

সম্প্রতি আরিয়ান খানের গ্রেফতারির পরই কিং খানের সেই পরামর্শ শুনতে নারাজ বহু গ্রাহক। টুইটারে এ নিয়ে লাগাতার আক্রমণ শুরু হয়। এক নেটিজেন লিখে বসেন, ‘নিজের ছেলেরই খেয়াল রাখতে পারলেন না, দেশের বাচ্চাদের শিক্ষা নিয়ে জ্ঞান দিচ্ছেন।’

আরেকজন লেখেন, ‘যে নিজের সন্তানদের ঠিক করে মানুষ করতে পারেননি, তার মুখে ভালো বাবা-মা হওয়ার পরামর্শ মানায় না।’ কেউ আবার শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ বাইজুকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

আর এই বিতর্কের পরই বাইজুর তরফে শাহরুখকে দিয়ে করানো তাদের সমস্ত বিজ্ঞাপন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বাইজু শাহরুখ খানের সবচেয়ে বড় স্পনসরশিপের মধ্যে একটি। জানা যায়, এই সংস্থার সঙ্গে শাহরুখের ৩-৪ কোটি টাকার বার্ষিক চুক্তি ছিল। এছাড়া মেগাস্টার হুন্ডাই, এলজি, দুবাই ট্যুরিজম এবং রিলায়েন্স জিও -এর মতো বেশ কয়েকটি সংস্থার মুখ হলেন কিং খান।

সূত্র : জি ২৪ ঘণ্টা

Share This:
You might also like