গত অর্থবছরে খুলনা থেকে ২ হাজার ৪১৫ কোটি টাকার মাছ রপ্তানি

Bangla Times News Desk: ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ৩৩ হাজার ৭২৭ টন মাছ বিদেশে রপ্তানির বিপরীতে দুই হাজার ৪১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।

খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

সভায় জানানো হয়, খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে এক লাখ ১২ হাজার ৫৪৯ টন মাছ উৎপাদন হয়েছে। চাহিদার তুলনায় জেলায় ৩২ হাজার ৯৭০ মেট্রিক টন বেশি মাছ উৎপাদন হয়েছে।

CSB Ad

২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদযাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

মৎস্য সপ্তাহে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে রোববার ৯টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সকাল ১০টায় রায়ের মহলে মৎস্য চাষিদের মাছ চাষবিষয়ক পরামর্শ-সেবাদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে। সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও, আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১, ২ ও ৩ সেপ্টেম্বরও কর্মসূচি রয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This:
You might also like