কক্সবাজারে ঘুরতে এসে পাহাড়ি আস্তানায় বন্দি, একজনের তথ্যে ৮৩ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি গ্রামের রেজাউল করিম বেড়াতে এসেছিলেন কক্সবাজারের টেকনাফে। উঠেছিলেন স্থানীয় হোটেল আল করমে। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে ৭ সেপ্টেম্বর তাকে অপহরণ করে মো. আমিন নামের এক ব্যক্তি। যিনি হোটেলটির সাবেক ম্যানেজার।

আমিন তাকে ৫০ হাজার টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। ওই পাচারকারীরা আরেক পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। পরে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ার গহিন পাহাড়ের আস্তানায় আটকে মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়।

CSB Ad

রেজাউলের ভাষ্যমতে, টেকনাফ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ঝরনা চত্বর থেকে সেদিন সন্ধ্যায় হঠাৎ কয়েকজন ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। পরে চোখ বেঁধে ফেলে। কোথায় নিয়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর বুঝলাম অপহরণের শিকার হয়েছি। চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায় পাহাড়ি আস্তানায়। সেখানে ৫০ হাজার টাকায় মানব পাচারকারীদের হাতে আমাকে তুলে দেয় অপহরণকারীরা।

এরপর ওই আস্তানায় আটকে মুক্তিপণের জন্য অমানবিক নির্যাতন করা হয়। ১৩ দিন ধরে চলছিল নির্যাতন। সর্বশেষ গত শনিবার আমাকে ৬০ হাজার টাকায় আরেক দল পাচারকারীর কাছে বিক্রি করে দেওয়া হয়। তারা আমাকে কচ্ছপিয়ার গহিন পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে যাচ্ছিল। এই বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে পালিয়ে পাহাড় বেয়ে নিচে নেমে যাই। এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরলাম। শেষে জীবন বাঁচাতে ছুটে যাই বিজিবির কাছে। তারা আমাকে নিরাপদে তাদের আশ্রয়ে নিয়ে যায়।

রেজাউলের দেওয়া তথ্যে ৮৩ জনের প্রাণ রক্ষা

রেজাউল একা ফেরেননি, তার দেওয়া তথ্যের ভিত্তিতে রক্ষা পেয়েছে আরও ৮৩ জনের প্রাণ। কচ্ছপিয়ার গহিন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে গত রবিবার নারী-শিশুসহ আরও ৮৩ জনকে উদ্ধার করেছে র‍্যাব-বিজিবি। উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের জন্য আস্তানাটিতে জড়ো করা হয়েছিল। পাশাপাশি অস্ত্র-গুলিসহ তিন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ৮৩ জনকে উদ্ধারের বিষয়ে সোমবার দুপুরে টেকনাফ ২ বিজিবির সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ও র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় বিজিবি কার্যালয়ে রেজাউল করিমের সঙ্গে কথা হয় এই প্রতিনিধির। বেঁচে ফেরার বিস্তারিত জানান রেজাউল।

পাহাড়ের আস্তানার বর্ণনা দিয়ে রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যখন আস্তানায় নিয়ে চোখ খুলে দেওয়া হলো তখন দেখলাম চারপাশে দুই শতাধিক মানুষ বন্দি। তারা পাহাড়ে গড়েছে অন্ধকার এক রাজ্য। যেখানে মানুষের জীবনের কোনও মূল্য নেই, দাম আছে টাকার। সন্ধ্যা নামতেই শুরু হয় আমার ওপর নির্যাতন। পাঁচ লাখ টাকা মুক্তিপণের জন্য নির্যাতন চালায় পাচারকারীরা। একইভাবে অন্যদের ওপরও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অপহৃতদের পরিবারের কাছে ফোন দিয়ে কথা বলিয়ে কিংবা নির্যাতনের শব্দ শুনিয়ে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয় তারা। আমি যেদিন পালিয়ে আসছিলাম সেদিনও তাদের আস্তানায় ২৫০ জনের মতো মানুষ ছিল। পরে আমার দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি ও র‌্যাব অভিযান চালায়। আস্তানা থেকে ৮৩ জনকে উদ্ধার করা হয়।’

Share This:
You might also like