ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় নোবিপ্রবির কর্মকর্তা আটক

Bangla Times News Desk:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন বিভাগের (ডিপিডি) সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাটের (৩৫) মদপানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে, তার বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগও উঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

জিয়াউর রহমান সম্রাট কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তমপুর লামছি গ্রামের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় রেদোয়ানুল করিম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সম্রাটের মদপানের ছবিটি ফেসবুকে পোস্ট দেন। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড় এবং অল্প সময়ের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, সম্রাট একটি বড় ফসলি জমির পাশে পড়ে থাকা বৈদ্যুতিক খাম্বার ওপর বসে এক হাতে সিগারেট অপর হাতে মদের বোতল নিয়ে প্রকাশ্যে মদ পান করছেন।

এদিকে, গত ১৭ জুন রাত ১২টা ৮ মিনিটে সম্রাট ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনার প্রতিবাদে নোয়াখালী জেলার সর্বত্র প্রতিবাদ এবং সম্রাটকে গ্রেফতারের আহ্বান জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর আজ (শনিবার) দুপুর ২টায় উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহাজিরহাট সংলগ্ন এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জিয়াউর রহমান সম্রাটকে আটক করা হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৮টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সম্রাটের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কবিরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (৪৮)।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত (১৭ জুন) রাত ১২টা ৮মিনিটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাট ফেইসবুক অ্যাকাউন্ট (সম্রাট এসএফ) থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এতে ওবায়দুল কাদেরের দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুণ্ন হয়। বিবাদী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন।

তবে বৃহস্পতিবার রাত ৯টা ১৬ মিনিটের সম্রাট ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘প্রিয় নোয়াখালীবাসী, গতকাল রাতে আমার ফেসবুক আইডি হ্যাক করে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আপত্তিকর একটা পোস্ট দেওয়া হয়। পরে আইডি পুনরুদ্ধার করে আমি পোস্টটা ডিলিট করি। এমন অনাকাঙ্ক্ষিত বিষয়ে আমি বিব্রতবোধ করছি,সঙ্গে দুঃখও প্রকাশ করছি। আমি মুজিব আদর্শের সৈনিক, নিজে পোস্ট দিলে ডিলিট করতাম না। সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

Share This:
You might also like