এসএসসির ফরম পূরণ ১৩ এপ্রিল থেকে
অনলাইন ডেস্ক:
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এবার ফরম পূরণ হবে অনলাইনে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল। আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৪৯৫ টাকা ও মানবিকে ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ ২০২১ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে।
কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ জন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা আর ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৯ জুন ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে ‘প্রস্তুতিমূলক পরীক্ষা’ নেওয়া হবে। এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসিতে এ বছর গতবারের মতো তিনটি বিষয়ে পরীক্ষা হবে না। ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে হবে এসএসসি পরীক্ষা।








