একে একে ডাকছি, যার নাম পাচ্ছি তাকেই ডাকছি : সিআইডি
Bangla Times Desk: সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, চিত্রনায়িকা পরীমণি, পিয়াসা ও মৌয়ের মামলার বিষয়ে আমরা বেশ কয়েকজনকে ডেকেছি, আরও বিভিন্নজনকে ডাকবো। তবে মিডিয়াতে আগেই তাদের নাম নিশ্চিত না হয়ে প্রচার করা উচিত না।
বুধবার সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা বেশ কয়েকজনকে ডেকেছি। যাদের ডাকবো না আপনারা মনে করবেন এসব মামলার সাথে আপনাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

সিআইডি প্রধান বলেন, আমরা অভিযুক্ত সবার বাসায় অভিযান চালিয়েছি। আমরা ৩টা জিপ, একটা বিএমডব্লিউ, একটা মাজদা এবং একটা ফেরারি গাড়ি জব্দ করেছি। মোবাইল জব্দ করেছি৷ আমরা চেষ্টা করবো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবগুলো মামলার তদন্ত শেষ করতে। তবে অনলাইন, পত্রিকা ও সোস্যাল মিডিয়াতে এসবের সাথে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়। আমরা তদন্ত করছি, আমাদের সময় দেন, আমরাই তদন্ত শেষে সব জানিয়ে দেবো।
তিনি আরও বলেন, আপনারা জানেন সম্প্রতি ঢাকার বেশ কিছু জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে থেকে বেশ কিছু মালামাল জব্দসহ কয়েক জনকে আটক করা হয়েছে। এই সংক্রান্ত মোট ১৫টি মামলা হয়েছে, যার মধ্যে সিআইডিতে তদন্তাধীন রয়েছে ৮ টি মামলা। এসব মামলায় মোট ১০ জন আসামি রয়েছেন, যার মধ্যে ৮ জন এখন আমাদের কাছে রয়েছে। দুই জন অন্য মামলায় রিমান্ড আছেন। তাদের রিমান্ড শেষে আমাদের কাছে নিয়ে আসবো। এই ৮টি মামলায় আসামিরা আমাদের কাছে রিমান্ডে ছিল, কিন্তু আরও জিজ্ঞাসাবাদ থাকায় তাদের আজ আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর হয়।
সিআইডি প্রধান বলেন, আমরা জব্দ হওয়া ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষা শুরু করেছি। যেসব লিকার (মদ) পাওয়া গেছে সেগুলোর রাসায়নিক পরীক্ষা চলছে। যারা এত দিন রিমান্ডে ছিল তাদের আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি। বিভিন্ন রকম তথ্য আমরা পেয়েছি। আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে ফেলতে পারবো। নির্দিষ্ট সময়ের মধ্যেই মামলাগুলো শেষ করতে হবে।
মাদক সংক্রান্ত অভিযোগ ছাড়া পরীমণিসহ বাকি আসামিদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কি না, একজন সাংবাদিকের এমন প্রশ্নে সিআইডি প্রধান বলেন, তদন্তের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নীতিমালা আছে, আমরা সেই বিষয়গুলো সামনে রেখেই এগোচ্ছি। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে আমরা বুঝতে পারবো মামলা কোন দিকে যাবে। আমাদের তদন্ত একদম পরিষ্কারভাবে চলছে, আগে থেকে কোনো নির্দিষ্ট বিষয়কে মাথায় রেখে আমরা তদন্ত করিনি। যেহেতু আসামিদের কাছ থেকে নানা রকম মালামাল জব্দ করা হয়েছে, সেগুলো কোথা থেকে এসেছে, কারা টাকা দিয়েছে এবং উৎস কোথায় তা আমরা খুঁজে দেখছি।








