ইরানে হামলার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী
Bangla Times Desk:
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা গাদি আইজেনকট। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জরুরি হুমকি না থাকলে বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুর কাছে পাঠানো এক চিঠিতে আইজেনকট বলেন, ইসরায়েলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এ সময়ে জাতীয় নিরাপত্তা ও সামরিক বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
তিনি বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো নিরাপত্তা হুমকি না থাকলে এমন সামরিক অভিযান চালানো উচিত নয়, যা নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে।
ইরান ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধ
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে দেশটির সামরিক নেতৃত্বের মতবিরোধ তৈরি হয়েছে। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির নেতানিয়াহুর প্রস্তাবিত সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন বলে জানা গেছে।
সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এর আগেও গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগে একই ধরনের সামরিক পরিকল্পনা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল।
নেতানিয়াহুর কার্যালয়ের পাল্টা বক্তব্য
আইজেনকটের অভিযোগ প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়। তাদের দাবি, সরকারের সব নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতেই নেওয়া হচ্ছে।
আইজেনকটের চিঠিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, জাতীয় নিরাপত্তার বিষয়কে রাজনৈতিক বিতর্কে পরিণত করা দায়িত্বশীল আচরণ নয়।
সরকার গঠনের দৌড়ে এগিয়ে আইজেনকট
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
নির্বাচনের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ৮ নভেম্বর সরকার গঠনের দায়িত্ব দেন গাদি আইজেনকটকে। তাঁর পক্ষে ৬৭ জন আইনপ্রণেতা সমর্থন জানিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন।
তবে আইজেনকটের পক্ষে সমর্থন জানানো সব আইনপ্রণেতা তাঁর নেতৃত্বাধীন জোটে যোগ দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠন করতে কমপক্ষে ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। সরকার গঠনের জন্য আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।
সূত্র: আমেরিকা বাংলা, গালফ নিউজ ও ইসরায়েলি সংবাদমাধ্যম।








