ইউরোর সেরা একাদশ ঘোষণা, স্থান হয়নি ‘গোল্ডেন বুট’ জয়ী রোনালদোর

Bangla Times Online Desk:

কয়েক দিন আগেই শেষ হলো ইউরো-২০২০। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই আসরে দ্যুতি ছড়ানো ফুটবলারদের নিয়ে সেরা একাদশ গঠন করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। সেই একাদশে রাখা হয়নি আসরের গোল্ডেন বুটজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

পর্তুগালের হয়ে গ্রুপপর্বে তিন ম্যাচে ৫ গোল ও ১ অ্যাসিট করেও আসরের সেরা একাদশের কোথাও জায়গা পাননি পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। মূলত, রোনালদোর পর্তুগাল আসরের শেষ ষোলোর বাধা পেরুতে না পারাই জায়গা হয়নি এই জুভেন্টাস ফরোয়ার্ডের।

উয়েফার সেরা একাদশে চ্যাম্পিয়ন ইতালির রয়েছেন সর্বোচ্চ পাঁচজন, রানার্স-আপ ইংল্যান্ডের তিনজন। এছাড়া ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম দল থেকে আছেন একজন করে।

গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন আসরের সেরা খেলোয়াড় ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। সেরা একাদশে রক্ষণে জায়গা পেয়েছেন ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি। চোটের কারণে সেমিফাইনাল ও ফাইনাল খেলতে না পারলেও ইউরোর সেরা একাদশে জায়গা হয়েছে ইতালি আরেক ডিফেন্ডার লিওনার্দো স্পিনাস্সোলার। ইংলিশ তারকা দুই ডিফেন্ডার কাইল ওয়াকার ও হ্যারি ম্যাগুইরিও আছেন।

মধ্যমাঠে এবারের ইউরোর সেরা একাদশে ইতালির জর্জিনহোর পাশাপাশি আছে স্পেনের হয়ে একমাত্র প্রতিনিধিত্বকারী পেদ্রি। এদের পাশাপাশি আছে পিয়ের- এমিল হয়বিয়ার। আর আক্রমনভাগে ইতালির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ফেডরিক চেইসার পাশাপাশি জায়গা হয়েছে বেলজিয়ামের রোমেলু লুকাকু ও ইংলিশ তারকা রাহিম স্টার্লিংয়ের।

একনজরে উয়েফার টুর্নামেন্ট সেরা একাদশ:

জিয়ানলুইজি ডোনারুম্মা, কাইল ওয়াকার, লিওনার্দো বনুচ্চি, হ্যারি ম্যাগুইরি, লিওনার্দো স্পিনাস্সোলা, জর্জিনিহো, পিয়ের-এমিল হয়বিয়ার, পেদ্রি, ফেদেরিক চিয়েসা, রোমেলু লুকাকু ও রাহিম স্টারলিং।

Share This:
You might also like