আইইএলটিএস কেলেঙ্কারি! প্রশ্নফাঁস, ভুল নম্বর, ভিসা পেল অযোগ্যরা!

ডেস্ক রিপোর্ট

ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইইএলটিএস ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ভুলের কারণে হাজারো অভিবাসীর ফলাফল ভুলভাবে প্রকাশিত হয়েছে— ফলে যে পরীক্ষার্থীরা প্রকৃতপক্ষে অকৃতকার্য হয়েছিলেন, তাদের অনেককে ‘পাস’ হিসেবে দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরেও ভুল মূল্যায়নের কারণে বহু অভিবাসী ভিসা পেয়েছেন। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত পরীক্ষায় ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে অনেকে ব্যর্থ হলেও তাদের পাস নম্বর দেওয়া হয়েছে।

CSB Ad

প্রতিবেদনটি আরও জানায়, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণও মিলেছে। ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অভিবাসী যাদের ভিসা পাওয়ার যোগ্যতা ছিল না, তারাও যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন। এমনকি এনএইচএসে চাকরিরত কিছু কর্মী এবং দুর্বল ইংরেজি দক্ষতার অভিবাসীরাও এমন কাজ বা শিক্ষার সুযোগ পেয়েছেন, যার জন্য তারা উপযুক্ত নন।

ঘটনা প্রকাশ্যে আসার পর কনজারভেটিভ পার্টি এসব অযোগ্য অভিবাসীকে চিহ্নিত করে বহিষ্কারের দাবি তুলেছে।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অসংখ্য পরীক্ষার্থী ভুল মূল্যায়নের শিকার হন। আইইএলটিএস কর্তৃপক্ষ বিষয়টির জন্য প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করে বলেছে, লিসেনিং ও রিডিংয়ের অল্প কিছু পরীক্ষার ফলাফল প্রভাবিত হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি— মাত্র ১ শতাংশ পরীক্ষা প্রভাবিত হয়েছে, যদিও সেই সংখ্যাই প্রায় ৭৮ হাজার।

প্রতিবছর বৈশ্বিকভাবে প্রায় ৩.৬ মিলিয়ন পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেয়, যা ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং আইডিপি যৌথভাবে পরিচালনা করে।

দ্য টেলিগ্রাফ জানায়, কিছুদিন আগে কর্তৃপক্ষ প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করে এবং গত মাসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে সংশোধিত ফলাফল দেওয়া হয়।

এ ছাড়া গত বছর বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিয়ন জানিয়েছিল, কিছু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের উচ্চ টিউশন ফি আদায়ের জন্য তাদের দুর্বল ইংরেজি দক্ষতাকে উপেক্ষা করে ভর্তি দিচ্ছে।

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন— এনএইচএসে কর্মরত অনেক অভিবাসীর ইংরেজি জ্ঞান অত্যন্ত সীমিত, যা রোগীর নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছে। অন্যদিকে বহু বিশ্ববিদ্যালয় প্রভাষক অভিযোগ করেছেন, প্রায় ৭০ শতাংশ বিদেশি শিক্ষার্থীর ইংরেজি দক্ষতা অপর্যাপ্ত।

Share This:
You might also like